বুধবার ২৪ জুন, ২০২৬

প্রবাসীদের জন্য বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Bangladesh Bank..
বাংলাদেশ ব্যাংক/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে নতুন ব্যাংক হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় এখন থেকে প্রবাসীরা দেশের ব্যাংকগুলোতে ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ খুলতে পারবেন।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ জুন) একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, রেমিট্যান্স প্রবাহ সহজ করা এবং প্রবাসীদের সঙ্গে দেশের বিনিয়োগ খাতের সংযোগ জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

নতুন ব্যবস্থার আওতায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এ হিসাব খোলা যাবে। গ্রাহকরা সঞ্চয়ী, চলতি কিংবা স্থায়ী আমানত হিসাব হিসেবে এটি পরিচালনা করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, অন্যান্য অনিবাসী বিনিময়যোগ্য হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগের আয় এবং শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত অর্থসহ বৈদেশিক মুদ্রা-সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল এ হিসাবে জমা রাখা যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ হিসাবে জমাকৃত অর্থ এবং অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে প্রত্যাবাসনযোগ্য। ফলে প্রবাসীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তাদের অর্থ বিদেশে স্থানান্তর করতে পারবেন।

এ ছাড়া হিসাবের অর্থ স্থানীয় বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে স্থানীয় পরিশোধ, অন্যান্য অনিবাসী হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক মুদ্রা হিসাবে রূপান্তর এবং দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বা পোর্টফোলিও বিনিয়োগ।

সার্কুলারে আরও বলা হয়েছে, এ হিসাবে জমাকৃত তহবিল ব্যবহার করে দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল, যেমন ইপিজেড ও বেজার আওতাধীন ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়া যাবে। তবে এ ঋণ শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত চলতি ব্যয়, যেমন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, মজুরি এবং ইউটিলিটি বিল পরিশোধে ব্যবহার করা যাবে। ঋণের অর্থ অবশ্যই ওই প্রতিষ্ঠানের রপ্তানি আয় থেকে পরিশোধ করতে হবে।

এ ছাড়া এ হিসাবের বিপরীতে জামানত রেখে প্রবাসী বাংলাদেশি বা তাদের মনোনীত ব্যক্তি ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিতে পারবেন। তবে কৃষি, বাগান ও আবাসন খাতে এ ঋণের অর্থ বিনিয়োগের সুযোগ থাকবে না।

ব্যাংকিং ও ব্যবসায়িক মহল বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। সংশ্লিষ্টদের মতে, নতুন হিসাব ব্যবস্থা বৈধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, অফশোর ব্যাংকিং সম্প্রসারণ এবং প্রবাসীদের দেশীয় অর্থনীতি ও বিনিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন