
রাইজিং কুমিল্লা ডেস্ক
সরকারি অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের জীবনযাপনেও ব্যয়সংযমের দৃষ্টান্ত তৈরি করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জনগণের করের টাকা যাতে অপ্রয়োজনে ব্যয় না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী সাদা ও মোটা কাপড় পরেন বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ।
নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রের কোষাগার থেকে একটি টাকাও অপ্রয়োজনে ব্যয় করা যাবে না—প্রধানমন্ত্রী তারেক রহমান এ নীতিতে চলছেন। এ কারণেই তিনি সাদা ও মোটা কাপড় পরেন।
তিনি বলেন, ‘সরকারের এক্সচেকার থেকে ১০ টাকা—তারেক রহমান সাহেব মনে করেন, কোনো অবস্থাতেই একটা টাকা নষ্ট হতে পারবে না। তার জন্য নিজে সাদা কাপড় পরেন, মোটা কাপড় পরেন।’
প্রধানমন্ত্রীর সরকারি কার্যক্রমেও ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাতায়াত কমিয়েছেন। তিনি নিজের গাড়ি ও বড় লোকবহর ব্যবহার করেন না। এমনকি অফিসের খাবারের ক্ষেত্রেও ব্যয় কমানোর চেষ্টা করছেন।
আগের সরকারের তুলনায় প্রধানমন্ত্রীর দফতরের খাবারের খরচেও বড় ধরনের পার্থক্য রয়েছে বলে দাবি করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা। উনার ১৫০ টাকা বিল, একজনের।’
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মন্ত্রী-এমপিদেরও এখন হিসাব দিতে হচ্ছে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, কেউ বাইরে গিয়ে কোনো খরচ করলে শুধু বিলের অঙ্ক জানালেই হবে না; ওই খরচের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও দিতে হবে।
এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, জনগণের করের অর্থ ও রাষ্ট্রীয় কোষাগারের অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
এ সময় আগের সরকারের রেখে যাওয়া ঋণের প্রসঙ্গও তুলে ধরেন চিফ হুইপ। তিনি দাবি করেন, গত পাঁচ মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC