
রাইজিং ক্যাম্পাস
দেশের প্রাথমিক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ শিক্ষককে নিয়ে প্রধানমন্ত্রীকে সামনে রেখে বড় পরিসরে শিক্ষক সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ আয়োজন সফল করতে দেশের শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নতুন সংগঠন প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সম্মেলনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ প্রাথমিক শিক্ষক রয়েছেন। পাশাপাশি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত রয়েছেন আরও প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষক। সব মিলিয়ে প্রায় ১০ লাখ শিক্ষককে একত্র করে প্রধানমন্ত্রীর সামনে নিজেদের কথা তুলে ধরতে চান তাঁরা।
তিনি বলেন, ‘এটা তো আমাদের একটি ছোট্ট সমাবেশ। কারণ বাংলাদেশের সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষক আছেন। আর বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় আছেন সাড়ে ৬ লাখ। এই ১০ লাখ শিক্ষক নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে চাই।’
সম্ভাব্য সমাবেশ আয়োজনের স্থান নিয়েও কথা বলেন তিনি। এ ক্ষেত্রে জাতীয় সংসদ ভবনের এলডি হল কিংবা মিরপুর বা ঢাকা স্টেডিয়ামের মতো বড় কোনো ভেন্যু ব্যবহারের প্রস্তাব দেন তিনি।
সেলিম ভূঁইয়া বলেন, এত বড় আয়োজনের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত স্থান প্রয়োজন। এ জন্য সংসদ ভবনের এলডি হল অথবা কোনো স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সংগঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC