মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে টেলিটকের দৃশ্যমান অগ্রগতি চান: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Wants Teletalk to make visible progress in implementing Prime Minister's vision, Minister of Posts, Telecommunications and Information Technology
প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে টেলিটকের দৃশ্যমান অগ্রগতি চান: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী/ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড-কে স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান সরকারের মেয়াদে জনগণ যেন টেলিটকের উন্নত ও মানসম্মত সেবা পায়— সে লক্ষ্যেই কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, “আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি জনবান্ধব সরকার হিসেবে কাজ করতে চাই। টেলিটকের সেবায় দৃশ্যমান উন্নয়ন ঘটাতে হবে। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার পরিকল্পনা ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন— টেলিটককেও সেই লক্ষ্য অনুযায়ী সেবার মানোন্নয়নে অগ্রসর হতে হবে।”

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় টেলিটকের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবার উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন