
আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। তিনি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এই নতুন ইতিহাস গড়লেন জোহরান মামদানি।
মঙ্গলবার (০৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার (০৪ নভেম্বর) সকাল ৮টা)। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এই মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) প্রায় ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে শহরের নির্বাচন বোর্ড জানিয়েছে। এটি গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
এর আগে সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল ১৯৯৩ সালের নির্বাচনে, যখন প্রায় ১৯ লাখ মানুষ ভোট দিয়েছিলেন এবং রিপাবলিকান প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এইবারের নির্বাচনে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন— যা নিউইয়র্কে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম ভোট।
নির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি শহরের অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে প্রধান ছিল জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ নাগরিকের জীবনমান উন্নয়ন। তরুণসহ বিভিন্ন শ্রেণির ভোটারের মধ্যে তার প্রতি ব্যাপক আগ্রহ ছিল, যার সুস্পষ্ট প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রগুলিতে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC