মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

প্রতিবাদী সুন্দরীর মিস ইউনিভার্স জয়, প্রাইজমানি ৩ কোটি টাকাসহ যা যা পাবেন ফাতিমা বশ

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Fatima Bash crowned Miss Universe
বাকি প্রতিযোগীদের সঙ্গে ফাতিমা বশ | মিস ইউনিভার্সের ইনস্টাগ্রাম থেকে

ব্যাংককের আইকনিক মঞ্চে বিশ্বসৌন্দর্যের সর্বোচ্চ সম্মান জিতে এবার সব আলো নিজের দিকে টেনে নিলেন মেক্সিকোর সাহসী প্রতিযোগী ফাতিমা বশ। মর্যাদাপূর্ণ ৭৪তম ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হলো থাইল্যান্ডের ব্যাংককে, যেখানে বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

মাত্র কয়েক দিন আগে আয়োজকদের কাছ থেকে অশালীন মন্তব্য (‘ডাম্বহেড’) শুনে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে যিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন, সেই ফাতিমা বশই শেষ পর্যন্ত বিশ্বসেরা সুন্দরীর মুকুট জিতে নিলেন। তাঁর এই দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এবং তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে ভূয়সী প্রশংসিত হন।

চূড়ান্ত পর্বের লড়াই এবং বিজয়

২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হওয়া গ্র্যান্ড ফাইনালে মেক্সিকোর ফাতিমা বশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন। চূড়ান্ত পর্বে তিনি স্বাগতিক থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে লড়াই করেন।

বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার সুস্পষ্ট ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন। বিশেষ করে নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে ২৫ বছর বয়সী এই সুন্দরীর উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তাঁর আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হলজুড়ে বিপুল করতালি কুড়ায়। এই বছর রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড।

ফাতিমাকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। মুকুট পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ফাতিমা এবং বাকি প্রতিযোগীদের জড়িয়ে ধরে তাঁকে কাঁদতে দেখা গেছে।

কে এই ফাতিমা বশ

  • মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার।

  • তিনি মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন।

  • তিনি ২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জেতেন।

  • এই জয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলেন ফাতিমা—ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা দাঁড়ায় ৯ লাখ ৯০ হাজারের বেশি; আর টিকটকে ৬ লাখ ৯০ হাজার।

  • ফাতিমার এই জয় মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো এই শিরোপা জয়।

 বিজয়ী কত টাকা পান?

মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নতুন বিজয়ী ফাতিমাকে কত টাকা দেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে প্রাইজমানি এবং অন্যান্য সুবিধা নিম্নরূপ:

  • বিজয়ীরা ‘প্রাইজমানি’ হিসেবে সচরাচর ২ লাখ ৫০ হাজার ডলার পান, যা প্রায় তিন কোটি টাকার মতো। ২০২৪ সালের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগকেও সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল।

  • ফাতিমা ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা) পাবেন। এই অর্থটি তিনি ভ্রমণসহ নানা কাজে ব্যবহার করতে পারবেন।

  • তিনি যে মুকুটটি পেয়েছেন, সেটির মূল্য ৫০ লাখ ডলার (৬১ কোটি টাকার মতো)।

  • নগদ অর্থের বাইরে নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও পাবেন ফাতিমা।

 

 

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

আরও পড়ুন