শনিবার ২৮ মার্চ, ২০২৬

প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - petrol pump
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম তদারকি জোরদার এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, সব পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্যদিকে, এই দুই মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজ নিজ অধিক্ষেত্রের পেট্রোল পাম্পগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, তাদের প্রতিদিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন