
দেশের প্রতিটি নাগরিকের জন্য সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য ও মানসম্মত করতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ধাপে ধাপে উপজেলা পর্যায়েই কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের জনস্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। চিকিৎসার অভাবে যেন দেশের কোনো নাগরিকের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্য সামনে রেখেই স্বাস্থ্যসেবার পরিধি ধারাবাহিকভাবে সম্প্রসারণ করা হচ্ছে।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের দুর্গম এলাকার রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিতে সরকারি অ্যাম্বুলেন্স সেবা আরও সম্প্রসারণ করা হবে।










