
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, পোস্টাল ভোট বিডির আওতায় প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরে নির্ধারিত তিন ক্যাটাগরির ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা প্রথমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে প্রবাস থেকে এবং দেশের ভেতরে অনেক ভোটার এখনও নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি।
আখতার আহমেদ আরও বলেন, সময়সীমা বাড়ানোর জন্য কমিশনের কাছে বারবার অনুরোধ আসছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম আগামী ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে। তবে এই সময়সীমা আর বাড়ানোর কোনো সুযোগ থাকবে না বলে স্পষ্ট করে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এবার আরও এক দফা সময় বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত করা হলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC