
নিজস্ব প্রতিবেদক
টানা দুই দিনের দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটাভুটির পর দেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ডিসেম্বর থেকে নতুন এ মজুরি কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সংবাদ সম্মেলনে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত ছিলেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে মালিক ও শ্রমিকপক্ষ একটি ঐকমত্যে পৌঁছেছে। নির্ধারিত মজুরির বিষয়টি দ্রুত গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে বুধবারও বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, মজুরি ঘোষণা হওয়ার পর কোনো সংগঠনের নামে আন্দোলন করা হলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে। এ ছাড়া কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাঁটাই বন্ধ, গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তি, দায়ের করা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের কোনো ধরনের হয়রানি না করার বিষয়ে মজুরি বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC