
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লা মহানগরের বিভিন্ন ইফতারি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রদর্শন ও পোড়া তেল ব্যবহার করে ইফতার তৈরির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরের বাদুরতলা, কান্দিরপাড় ও লাকসাম রোড এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা গেছে, খোলা অবস্থায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি সামগ্রী প্রস্তুত ও বিপণন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় দেখা যায়, বাদুরতলা ও লাকসাম রোড এলাকায় খোলা অবস্থায় ইফতারি সামগ্রী প্রদর্শন করা হচ্ছে এবং খাবারের অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করে পেয়াজু, বেগুনি, চপসহ বিভিন্ন ভাজাপোড়া তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনাস্থলেই বিশেষ কিট দিয়ে ওই তেল পরীক্ষা করা হলে তা ব্যবহারের অনুপযুক্ত বলে প্রমাণিত হয়।
এ সকল অভিযোগে নারায়ণগঞ্জ সুইট মিট, রুচি বিলাস রেস্টুরেন্ট এবং এম.এন হোটেল—এই তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করে মোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মানহীন পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়।
দুপুর ২টা থেকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. সাকিব, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC