
রাইজিং কুমিল্লা অনলাইন
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি উঠে আসে।
দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধনকে গুরুত্ব দিয়ে জেনারেল মির্জা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
জেনারেল মির্জা বলেন, আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুই-মুখী শিপিং রুট ইতিমধ্যেই চালু হয়েছে এবং আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যে ঢাকা-করাচি এয়ার রুটও চালু হবে।
উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তারা বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে ভুল তথ্য ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়া ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্যে ভরা। এগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই হুমকি মোকাবিলায় একটি সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC