
রাইজিং কুমিল্লা ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাদের দল বিরোধিতা বা উসকানির জবাবে সর্বোচ্চ সহনশীলতা ও শান্তির পথেই এগোবে।
তিনি বলেন, “যদি কেউ আমাদের দিকে পাথর ছোড়ে, আমরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবো; গালি দিলে সালাম জানাবো; সমালোচনা হলেও শান্তভাবে গ্রহণ করবো। বাকিটা আল্লাহর ওপর ভরসা।"
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলের কর্মীদের অন্তর্দ্বন্দ্বে না জড়ানোর জন্য কঠোর নির্দেশনা দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “কেউ গুলি করলেও তা মেনে নেব; কিন্তু কখনোই কর্মীদের ফেলে পালাবো না। গত ১৭ বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি—কেউ কাকে রাস্তায় ফেলে গেছে।”
নিজেকে সাধারণ মানুষের সন্তান উল্লেখ করে তিনি বলেন,“মানুষ নাকি বলে আমি মাত্র ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বংশ-সম্পদ বা বড় পরিচয় ছাড়া এত ভোটও পায়, সেটাই তো অনেক বড় অর্জন। আমি বড় পরিবারের ছেলে নই, অর্থও নেই, বিদেশে পড়াশোনাও করিনি—এই সাধারণ মানুষের মাঝ থেকেই উঠে এসেছি।”
এনসিপির এই মুখ্য সংগঠক ভোটারদের সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের সময় ছবি তুলে জনপ্রিয় হওয়ার চেষ্টা যারা করে, তাদের চেনে রাখার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “গত ১৭ বছরের রাজনীতিতে দেখা গেছে—ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কারা রাস্তায় ছিল। বিএনপির অনেক নেতাকর্মীও তাতে ছিলেন। কিন্তু যারা আন্দোলনে ছিলেন না, তারাই এখন বড় বড় বক্তব্য দিচ্ছেন এবং মানুষকে বিভিন্ন ট্যাগ দিচ্ছেন।”
দিবসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন।
এ ছাড়া খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC