
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। পরবর্তীতে পুলিশ তাকে আরও চারটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায়।
আইভীর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলার মধ্যে রয়েছে— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা ও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা।
প্রথম চারটি হত্যা মামলার বাদী নিহতদের পরিবারের সদস্যরা। এসব মামলা ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক এবং ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী চারজন।
অন্যদিকে, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি করেছে সদর মডেল থানা পুলিশ।
গত ৮ মে আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ পুলিশ অভিযান চালায়। সে সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ১২ মে মামলা দায়ের করা হয়।
এই মামলায় আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC