
রাইজিং কুমিল্লা ডেস্ক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, দেশে গবাদিপশু ও পোলট্রির জন্য নিরাপদ ও প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
আজ জাতীয় সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাণীর জন্য নিরাপদ ও প্রাকৃতিক খাদ্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি আরো বলেন, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের আলোকে পোলট্রি খাদ্যের নিরাপদ ও মানসম্মত উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করতে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার কাজ চলছে।
একই সঙ্গে জলবায়ু সহনশীল ঘাস চাষের মাধ্যমে প্রাকৃতিক পশুখাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, নতুন জেগে ওঠা চর, খাসজমি ও পতিত জমিতে প্রাকৃতিক পশুখাদ্য উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
পশুখাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভেজাল, ক্ষতিকর বা নিষিদ্ধ উপাদান ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং তদারকি জোরদারের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
এ লক্ষ্যে ‘মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০’ সংশোধনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, যাতে শাস্তির মাত্রা বৃদ্ধি, আইনি বিধান স্পষ্টকরণ এবং উৎপাদন, বিপণন ও আমদানির ক্ষেত্রে লাইসেন্স ও নিবন্ধন ব্যবস্থাকে আরো কঠোর করা যায়।
চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, পশুখাদ্য পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ হাজার ৯০৬টি উচ্চফলনশীল ঘাসের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।
এছাড়া ৮ হাজার ১৪৪টি খামারে সাইলেজ প্রযুক্তি এবং ১৭টি খামারে (সংরক্ষণ) প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে। আধুনিক পশুখাদ্য ব্যবস্থাপনা বিষয়ে ৩০ হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার গবাদিপশু খাতে নারী, তরুণ ও প্রবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকারভিত্তিক ঋণ কর্মসূচি চালুর পরিকল্পনা করছে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে জামানতবিহীন বা স্বল্প জামানতে সহজ শর্তে ঋণ এবং ঝুঁকি কমাতে পশু বীমা চালুর উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC