
নিজস্ব প্রতিবেদক

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটসহ সকল সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ (২০২৪-২৫) থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।
সোমবার (২৬ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরাই কারিগরি শিক্ষায় যুক্ত হতে পারবে, যা শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ রয়েছে। সচিব ড. কবিরুল ইসলাম বলেন, এই ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত বা আগ্রহহীন শিক্ষার্থীরা ভর্তি হয়, যার প্রভাব কোর্সের ফলাফল ও শিক্ষার মানের ওপর পড়ে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু প্রস্তুত ও দক্ষ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ায় শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে তিনি মন্তব্য করেন। এই নতুন ব্যবস্থা কারিগরি শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে সচিব উল্লেখ করেন, মোট ১০০ নম্বরের ভিত্তিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা হবে এবং বাকি ৩০ নম্বর একাডেমিক যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC