
রাইজিং স্পোর্টস
পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মার্টিনেজ আবারও কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভূয়সী প্রশংসা করেছেন। জাতীয় দলে রোনাল্ডো কেন এখনও এত গুরুত্বপূর্ণ—তা স্পষ্ট করে ব্যাখ্যা করেন তিনি।
৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমানে সৌদি প্রো লিগে খেলছেন। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ৯৫০টি গোল করেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হিসেবে তার মাঠে নামার কথা রয়েছে। রোনাল্ডো নিজেই নিশ্চিত করেছেন, আসন্ন বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।
২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় রোনাল্ডোর। সেই শুরু থেকে আজ পর্যন্ত তিনি জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।
চলতি বছরের জুন মাসে রোনাল্ডোর নেতৃত্ব ও অবদানে পর্তুগাল জিতে নেয় তাদের দ্বিতীয় উয়েফা নেশন্স লিগ শিরোপা। এর মাধ্যমে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিরোপাজয়ী দেশের তালিকায় শীর্ষে উঠে আসে পর্তুগাল।
ক্যানাল ১১-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘টোটাল ফুটবল’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে রোনাল্ডোর প্রভাব নিয়ে কথা বলেন কোচ মার্টিনেজ।
তিনি বলেন, “ক্রিস্টিয়ানো মাঠে থাকলে প্রতিপক্ষের ওপর কী প্রভাব পড়ে, সেটাই আমাদের দেখতে হবে। সে খেললে প্রতিপক্ষের অন্তত দুইজন খেলোয়াড় কার্যত তার দিকেই মনোযোগ দিতে বাধ্য হয়।”
তিনি আরও যোগ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সে যে জায়গা তৈরি করে, সেটিকে কাজে লাগানো এবং বক্সের ভেতরে তার অভিজ্ঞতা ব্যবহার করা। ক্রিস্টিয়ানোর সমস্যা হলো, সবাই তাকে নিয়ে মতামত দেয়, কিন্তু খেলাটা ঠিকভাবে দেখে না।”
দলে মূল্যায়নের প্রসঙ্গ তুলে মার্টিনেজ বলেন, “আমরা সব খেলোয়াড়কেই সমানভাবে বিচার করি। ক্রিস্টিয়ানোর বর্তমান মনোভাব সত্যিই উদাহরণযোগ্য। শুরুর একাদশে থাকা প্রত্যেক খেলোয়াড়ই প্রতিপক্ষের চাপে থাকে। তার অবদানকে আমাদের সম্মান জানাতেই হবে।”
তিনি আরও বলেন, “২১ বছর ধরে সে জাতীয় দলের সঙ্গে আছে। নতুন ও পুরোনো—সব প্রজন্মের খেলোয়াড়দের কাছে ক্রিস্টিয়ানো যে বার্তা পৌঁছে দেয়, তা অনন্য। আমরা এটাকে স্বাভাবিক করে তুলতে চেয়েছি, কারণ এটি গর্ব ও সম্মানের বিষয়।”
রোনাল্ডোর জাতীয় দলে অভিষেকের আগে পর্তুগালের ঝুলিতে কোনো বড় আন্তর্জাতিক শিরোপা ছিল না। তবে তার আগমনের পর দেশটি একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুইবার উয়েফা নেশন্স লিগ জয়ের গৌরব অর্জন করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC