শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - CNG station
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনসমূহ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগে এই সময়সূচি ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা—অর্থাৎ তিন ঘণ্টা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে ইফতারের সময় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

ঈদপরবর্তী সময়ে অর্থাৎ ২৬ মার্চ থেকে আবার আগের নিয়মে ফিরে যাবে সিএনজি স্টেশন পরিচালনা। তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সমন্বিত সময়সূচির মাধ্যমে একদিকে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে, অন্যদিকে ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট তৈরি হবে না বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন