
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ২৬ কেজি ওজনের পাঙাশ মাছ। যা স্থানীয় দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি বিক্রি হয়েছে ৬৭ হাজার ৬০০ টাকায়।
বিবার (২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া অংশের কলাবাগান এলাকায় জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, জেলে সোনাই হালদার রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা। গতকাল শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় তিনি নদীতে মাছ শিকারে যান। নদীতে ফেলে রাখা জাল আজ রবিবার ভোরে যখন তিনি কলাবাগান এলাকা থেকে তুলছিলেন, তখনই বিশাল আকৃতির এই পাঙাশ মাছটি তার জালে ওঠে।
বিশাল এই পাঙাশটি বিক্রির জন্য আজ রবিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসা হয়। ওজন পরিমাপ করে দেখা যায়, মাছটির ওজন ২৬ কেজি।
আড়তে মাছটি নিলামে তোলা হলে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মাছটি বিক্রি হয়। এই দরে ২৬ কেজি মাছের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৬৭ হাজার ৬০০ টাকা।
ফেরীঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ বিপুল অঙ্কের এই অর্থ দিয়ে মাছটি ক্রয় করেন।
মাছটি কেনার পর ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, “আজ রবিবার আড়তে মাছ কিনতে গেলে সেখানে এই বড় আকৃতির পাঙাশ মাছটির নিলাম হয়। আমি ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করব। সেজন্য দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রির চেষ্টা করছি।”
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক এ প্রসঙ্গে বলেন, “রাজবাড়ীর গোয়ালন্দ পদ্মা-যমুনার মোহনা হওয়ায় এখানে প্রায়শই অনেক বড় বড় মাছ পাওয়া যায়। পদ্মার মাছ স্বাদে অতুলনীয় হওয়ায় বাজারে এর চাহিদা ও দাম সব সময়ই বেশি থাকে।”








