শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

পদ্মা নদীতে ধরা পড়ল ১৮ কেজির বিশাল পাঙ্গাস মাছ, বিক্রি কত?

রাইজিং ডেস্ক

পদ্মা নদীতে ধরা পড়ল ১৮ কেজির বিশাল পাঙ্গাস মাছ, বিক্রি কত?/ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ১৮ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে ঢাকায় এক ব্যবসায়ীর কাছে চড়া দামে বিক্রি করেন।

জানা গেছে, আজ ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সোনাই হালদার পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় সকালে জাল তুলতেই তার জালে বড় আকারের এই পাঙ্গাস মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য জেলে সোনাই হালদার দৌলতদিয়া ফেরিঘাটের আনোয়ার খা ওরফে আনু খায়ের আড়তে তোলেন। সেখানেই উন্মুক্ত নিলামে ১৮ কেজি ওজনের এই পাঙ্গাসটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে বিক্রি হয়। ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি মোট ৩৪ হাজার টাকায় কিনে নেন।

পরবর্তীকালে, ব্যবসায়ী চান্দু মোল্লা মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।

এদিকে, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানিয়েছেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার মধ্যরাত থেকে পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। দেশের মোট ৩৮টি জেলার মধ্যে ২০টি জেলার নদীতে মাছ ধরার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি বলেন, আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেরা আর কোনো মাছ ধরতে পারবেন না। মৎস্য কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, “পরবর্তী সময়ে আবার পদ্মার মাছের সুদিন ফিরে আসবে। তখন পদ্মায় আবার বড় পাঙ্গাস, রিঠা, ঢাই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে।”

আরও পড়ুন