
রাইজিং কুমিল্লা ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে লক্ষণ হালদারের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি বড় চিতল মাছ। মাছটি ১১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জের পদ্মা নদীর মোহনায় মাছটি জেলের জালে ধরা পড়ে।
জেলে লক্ষণ হালদার জানান, সোমবার রাতে কয়েকজন মিলে নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান তারা। নদীতে জাল ফেলে অপেক্ষা করলেও প্রথমে কোনো মাছ ধরা পড়েনি। পরে রাত ৩টার দিকে জালে হঠাৎ জোরে ধাক্কা অনুভব করেন। এতে বড় কোনো মাছ আটকা পড়েছে বুঝতে পেরে জাল তুললে বিশাল একটি চিতল মাছ দেখতে পান।
তিনি বলেন, সকালে প্রায় ৭টার দিকে মাছটি দৌলতদিয়ার মাছ বাজারে রেজাউলের আড়তে নিয়ে যান। পরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা দরে মাছটি কিনে নেন। এতে মাছটির মোট দাম হয় ১১ হাজার ৬৫০ টাকা।
মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, দৌলতদিয়া মাছ বাজার থেকে প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা দরে চিতল মাছটি কিনেছেন। পরে পাবনার এক ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনের মাধ্যমে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছেন।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে বর্তমানে খুব বেশি বড় চিতল মাছ পাওয়া যায় না। তবে মাঝে মধ্যে দু-একটি বড় চিতল মাছ জেলেদের জালে ধরা পড়ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC