
মানবকল্যাণে নিষ্ঠা, সাহসিকতা ও নিরবচ্ছিন্ন সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে সরকারি নিবন্ধিত সামাজিক সংগঠন শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র ৩ জন সদস্য।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন কর্তৃপক্ষ।
জানা যায়, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’-এ মনোনীত হয়েছেন তারা। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট ও শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো.তোফাজ্জল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, সাবেক রোভারমেট ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম এবং
তেজগাঁও কলেজের শিক্ষার্থী, শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট ও শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র সভাপতি মো. হানিফ বেপারী।
মো. তোফাজ্জল হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার এই অ্যাওয়ার্ড অর্জন ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। আমরা সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে আগের মতোই দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবো। এ সম্মাননা শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র একজন স্বেচ্ছাসেবী হিসেবেই শুধু গৌরবের নয়, বরং মানবতার পথে এগিয়ে চলার এক নতুন দায়িত্বের প্রতীক।
নুরে আলম বলেন, এই পদক পাওয়া আমার জন্য এক বড় সম্মান। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজসেবা, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক কার্যক্রমে কাজ করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে। আমি আশা করি, সামনে আরও বেশি নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারব।
মো.হানিফ বেপারী বলেন, আমরা সংগঠক ও স্কাউটস সদস্যরা বন্যা, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজ করে থাকি। তারই স্বীকৃতিস্বরূপ আমাকে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড দেয়া হয়।









