
নোয়াখালীর সেনবাগে র্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে নিজস্ব প্রাইভেটকারে কক্সবাজার থেকে আনা ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারে নাছির উদ্দিনের ফলের আড়তের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়নপুর গ্রামের মো. হারুন ভূঁঞা (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭, সিপিসি-১, ফেনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে উপজেলার সেবারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬ নম্বরের একটি টয়োটা কালো প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় মাদক কারবারি আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে মাদককারবারি হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৮ হাজার ৮৪০ পিস। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক পাচার রোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।







