
রাইজিং ডেস্ক
বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক নাসির উদ্দিন এটি নিশ্চিত করেছেন।
মৎস্য অফিসের তথ্যানুযায়ী, রবিবার বরিশাল বিভাগে ১১১টি অভিযানে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ২১১ কেজি ইলিশ, ১ হাজার ৫৯৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া বরিশালে ১৬ জন, পটুয়াখালীতে পাঁচ জন, ঝালকাঠিতে দুই জন ও ভোলায় দুই জনের বিরুদ্ধে মোট ২৫টি মামলা হয়েছে। পাশাপাশি বরিশাল জেলার ১৬ জন ও ভোলার দুই জনসহ মোট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানগুলো মৎস্য অবতরণকেন্দ্র, মাছঘাট, মাছের আড়ত ও বাজারে পরিচালিত হয়েছে।
বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ। উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সব নদীতে গুরুত্বের সঙ্গে অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC