
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমি নির্বাচিত হলে সাংসদে গিয়ে প্রথম দাবি তুলবো কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমি বিশ্বাস করি কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপাচার কমে যাবে।
মঙ্গলবার দূপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, আমরা শুধু আধুনিক শিক্ষার দিকে ধাবিত হতে হতে ইসলামী জ্ঞান থেকে ছেলে-মেয়েদের দূরে সরিয়ে দিচ্ছি। প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েরা ঠিকমতো কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবিষয়ে আমি ইতিমধ্যে প্রস্তাব করেও ফেলেছি। ওনি এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছে এবং দ্বীন, দেশ ও জনগনের কল্যানে সকল পদক্ষেপকে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি আরো বলেন, মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারী বেতনকাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠণ করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করা হবে।
মনিরুল হক চৌধুরী বলেন, আলেমরা এদেশের সম্পদ। আলেমদের উপর কোন আঘাত সহ্য করা হবে না। আলেম যে দলের যে মতেরই হোক তাদের রক্ষা করা নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব।
সুধী সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসার সভাপতি আল্লামা নুরুল হক।
সঞ্চালনায় ছিলেন, মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী ও সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, রাণির বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনির হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।








