
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, “নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোনো দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটি নির্বাচিত সরকারই দেশকে বাঁচাতে পারে।”
তিনি আরও বলেন, জাতির সৌভাগ্য যে ক্রান্তিলগ্নে ড. মুহাম্মদ ইউনূস দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, দীর্ঘদিন ধরে জাতি অস্তিত্ব সংকটে ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদের প্রচেষ্টায় দেশ গভীর সংকট থেকে রক্ষা পেয়েছে। ছাত্ররা জীবন বাজি রেখে আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তার মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা ফেরদৌসও ছাত্রদের সঙ্গে রাজপথে নেমে এ আন্দোলনে অংশ নেন।
তিনি বলেন, ড. ইউনূস প্রয়োজনীয় সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনূসের ঐতিহাসিক বৈঠকের ফলেই দেশ এখন নির্বাচনের পথে এগোচ্ছে। তফসিল ঘোষণাও খুব শিগগিরই হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহারীয়ার আক্তার মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, ভুবনপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রাবেয়া বাশার, কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার শিপন এবং গুলবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আজাদসহ অন্যান্যরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC