
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনাকালের মতো পুরোপুরি অনলাইন নয়, এবার অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে।
এই পদ্ধতি একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হবে না। বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় নিয়ে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এটি শুরু করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি চালু হবে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী—শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চলবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এছাড়া শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করবেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি চালুর সক্ষমতা রয়েছে, সেখানেই এটি কার্যকর করা হবে।









