
রাইজিং কুমিল্লা ডেস্ক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য অন্তত ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশের পক্ষ থেকে মোট ৫৭ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানা গেছে।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষকও নির্বাচনে অংশ নেবেন। এতে নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ও নজরকাড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধি দল পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটি থেকে ১৪ জন পর্যবেক্ষক আসবেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে তুরস্ক।
মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। অন্যদিকে তুরস্কের প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যরা থাকবেন এবং এই দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এছাড়া নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আরও বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে— ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন, ভুটান থেকে ২ জন, মালদ্বীপ থেকে ২ জন, শ্রীলঙ্কা থেকে ১ জন, ফিলিপাইন থেকে ২ জন, জর্ডান থেকে ২ জন, ইরান থেকে ১ জন, জর্জিয়া থেকে ২ জন, রাশিয়া থেকে ২ জন, কিরগিজস্তান থেকে ২ জন, উজবেকিস্তান থেকে ১ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন পর্যবেক্ষক।
উল্লেখযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।
নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে।
এদিকে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। ১৪ সদস্যের এই দলে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি অন্তর্ভুক্ত রয়েছেন।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)-এর প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এই মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য অংশ নেবেন। তারা হলেন— লুকাস মান্ডল (অস্ট্রিয়া), লোরান্ত ভিনচে (রোমানিয়া), তোমাশ জদেখোভস্কি (চেকিয়া), লেইরে পাইহিন (স্পেন), শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা (রোমানিয়া), মাইকেল ম্যাকনামারা (আয়ারল্যান্ড) এবং ক্যাটারিনা ভিয়েরা (নেদারল্যান্ডস)।
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে ৫০টির বেশি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC