
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নেবে কিনা—তা পুনর্বিবেচনা করা হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে।
তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই—একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি হিসেবে এই নির্বাচন কমিশনের ওপর আমাদের কোনো কনফিডেন্স নেই।”
বর্তমান পরিস্থিতি তুলে ধরে এনসিপির এই মুখপাত্র বলেন, “এই অবস্থায় এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা, সেটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেব না। আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করবো।”
আসিফ মাহমুদ আরও জানান, এনসিপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের একটি ১০ দলীয় নির্বাচনী ঐক্য রয়েছে। তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের সঙ্গে আমাদের ঐক্য আছে। সব পরিসরে আলোচনা করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো।”
প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতির কথাও জানান তিনি। বলেন, “সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামার প্রস্তুতিও আমরা গ্রহণ করবো।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আরও অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, “রোববার নির্বাচন কমিশনে প্রার্থীদের বৈধতা নিয়ে আপিল শুনানির মাঝখানে নির্বাচন কমিশনাররা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তারা এসে আরপিও ও সংবিধানবিরোধী রায় দিয়েছেন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।










