
রাইজিং ডেস্ক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন।
আজ রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।
তবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, সেটি পরে জানানো হবে বলে উল্লেখ করেন ইসি সচিব।
এর আগে, বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতির অনুমতি নিতে এদিন বঙ্গভবনে যান সিইসি।
এর আগে, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানান, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এরপরই শুরু হবে প্রচার।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC