
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের ৪৮৯টি উপজেলায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই বিজিবি মোতায়েন করা হবে।
নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের চার দিন আগে, ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে, যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি—এই ছয়টি উপজেলা বিজিবি মোতায়েনের আওতার বাইরে থাকবে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনকালীন শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ইতোমধ্যে মোট ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এবারের নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার অংশগ্রহণ করবেন। দেশের ৩০০টি সংসদীয় আসনের অধীনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী দায়িত্ব পালনে বিভিন্ন বাহিনীর মোট ৮ লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৩৫ হাজার বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।
নির্বাচনকালে সারাদেশে নিরাপদ পরিবেশ বজায় রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্ট গার্ড বাংলাদেশও আইনশৃঙ্ঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC