
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন দেশের আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান প্রদানের অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় এবং বিষয়টি কিছু গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে একজন গানম্যান প্রদানের আবেদন জানান তিনি।
পোস্টে হিরো আলম লেখেন, ‘জরুরি পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ, আমার ব্যক্তিগত সুরক্ষার জন্য একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) প্রদানের ব্যবস্থা করা হোক।’
এর আগে গত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে হিরো আলম জানান, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে আগ্রহী।
রাজনৈতিক অঙ্গনে এটি হিরো আলমের প্রথম পদক্ষেপ নয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান। সে নির্বাচনে তিনি ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এরপর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। সে নির্বাচনে ভোটগ্রহণের দিন একটি ভোটকেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এবার আবারও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন করে নিরাপত্তা ঝুঁকির কথা জানালেন তিনি।










