
নিজস্ব প্রতিবেদক
দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়াসহ এ খাতের উন্নয়নে নীতিগত সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মনে করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নেতাদের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর সম্পাদকরা অংশ নেন।
বৈঠকে সম্পাদকরা নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং এ খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারের কার্যকর নীতিগত সহায়তা কামনা করেন। তারা বলেন, নিবন্ধন দেওয়ার পরও অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নীতিগত সহযোগিতা নেই। ফলে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু বৈঠকে অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিদ্যমান সমস্যা এবং সেগুলো সমাধানে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
এ সময় ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবর সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।
ফোরামের পক্ষ থেকে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই বললেই চলে। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করাই যথেষ্ট। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক দায়ও তৈরি হবে না।
বক্তব্যে আরও বলা হয়, পরবর্তী সময়ে তথ্য অধিদপ্তর কিংবা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনলাইন সংবাদমাধ্যমের পেজভিউ, নিজস্ব কার্যালয়, জনবলসহ প্রয়োজনীয় বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে বিজ্ঞাপন বণ্টনের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে পারে।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত মিডিয়া কমিশনও সুপারিশ করেছিল বলে বৈঠকে উল্লেখ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC