
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অঙ্গরাজ্যের আলবানি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)।
তাদের মধ্যে হীরামন ও নাজমুল সম্পর্কে বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের বন্ধু। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। গুরুতর আহত অবস্থায় তাদের আলবানির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের স্বজন ও নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে তারা ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল।
আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি সড়কের মাঝখানের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, যাদের মধ্যে তিনজন বাংলাদেশি।
নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১, এভিনিউ, ব্রনক্স, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাদের দাফন করা হবে নিউ জার্সির মার্লবুরো মুসলিম কবরস্থানে। শোকাহত পরিবার সকলের কাছে নিহতদের জন্য দোয়া কামনা করেছেন।









