শুক্রবার ২২ মে, ২০২৬

নাসিরনগর থেকে অপহৃত যুবক ঢাকায় উদ্ধার, অপহরণকারীরা আটক

নিজস্ব প্রতিবেদক

নাসিরনগর থেকে অপহৃত যুবক ঢাকায় উদ্ধার, অপহরণকারীরা আটক
নাসিরনগর থেকে অপহৃত যুবক ঢাকায় উদ্ধার, অপহরণকারীরা আটক/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার এবং অপহরণে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গত ১৬ মার্চ ২০২৫ খ্রি. সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক এলাকার মোবাইল সার্ভিসিং দোকানের কর্মচারী নয়ন দাস (১৯) দোকানে কাজ করার সময় হাইয়েস মাইক্রোবাসে আসা দুই ব্যক্তি মোবাইল ঠিক করার কথা বলে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ওইদিন রাতে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু হয়।

জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের তত্ত্বাবধানে ১৯ মার্চ নাসিরনগর থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ধারাবাহিক অভিযান চালিয়ে ২১ মার্চ রাতে ঢাকার দনিয়া এলাকার একটি বাসা থেকে ভিকটিম নয়ন দাসকে উদ্ধার করে পুলিশ।

একই সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—আফসার মিয়া ওরফে আফসার ওরফে হৃদয় (৩০), নাজমুল হোসেন নিলয় (২৮), মো. সাব্বির হোসেন (২৭), মো. রুবেল মোল্লা (৩০) এবং মো. মিলন মিয়া (২৫)।

এছাড়া অপহরণে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-২৭৭৪) উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন