
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলতি বোরো মৌসুমে ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিরলস পরিশ্রমে এ বছর বাম্পার ফলনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা।
নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৩৪২ হেক্টর জমিতে, তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে ইতোমধ্যে ১৭ হাজার ৪৯৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে হাইব্রিড জাতের আবাদ হয়েছে ১ হাজার ৭৫০ হেক্টর এবং উচ্চ ফলনশীল (উফশী) জাতের আবাদ হয়েছে ১৫ হাজার ৭৪৫ হেক্টর জমিতে।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৭৬ হাজার ৬৩২ দশমিক ৪৮ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায়ে ফসলের অবস্থা সন্তোষজনক থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে ব্রি ধান-৯২ জাতের, যার পরিমাণ ৩ হাজার ৪৭০ হেক্টর। এছাড়াও ইউনিয়নভিত্তিক হিসেবে গোকর্ণ ইউনিয়নে সর্বোচ্চ ২ হাজার ৪১৪ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা উপজেলার মধ্যে সর্বোচ্চ।
১১ এপ্রিল (শনিবার) সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওর এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে দৃষ্টিনন্দন সবুজ ধানের সমারোহ। বিশেষ করে মেদিনী হাওরের কৃষকরা চলতি মৌসুমের ফলন নিয়ে বেশ আশাবাদী।
নাসিরনগর সদরের কুলিকুন্ডার বাসিন্দা কৃষক ফায়েজ মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বেশ ভালোই ফলন হয়েছে আমাদের, পাকা ধান কাটার আগ পর্যন্ত কোনো কালবৈশাখী ঝড়-বৃষ্টি না হলেই হয়।
এদিকে, স্থানীয় বাজারে নতুন ধান উঠতে শুরু করায় লেনদেনও জমে উঠেছে। বর্তমানে প্রতি মণ ধান প্রায় ১২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষকদের সময়োপযোগী পরিচর্যার কারণে বোরো ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এ বছর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। তবে ধান পুরোপুরি ঘরে তোলা পর্যন্ত কালবৈশাখী ঝড়-বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে সতর্ক থাকতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC