
রাইজিং স্পোর্টস

দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও ভারতের সংসদ সদস্য প্রিয়া সরোজ। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি বিশেষ অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রিংকু সিংয়ের বিয়েতে ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
গত বছরের ৮ জুন রিংকু সিং ও প্রিয়া সরোজের বাগদান সম্পন্ন হয়। এর আগে গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিংকু।
সাক্ষাৎকারে রিংকু জানান, করোনাকালীন সময়ে আইপিএল চলাকালে একটি ফ্যান পেজে প্রিয়া সরোজের ছবি প্রথম দেখেন তিনি। ছবিটি দেখেই প্রিয়ার প্রতি আকৃষ্ট হন। তবে প্রথমে নিজে থেকে তাকে বার্তা পাঠাতে দ্বিধায় ছিলেন। পরে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে ‘লাইক’ দিলে তিনি তাকে বার্তা পাঠান। এরপর নিয়মিত কথাবার্তার মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে।
রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রিয়ার প্রতি তার ভালোবাসার অনুভূতি আরও গভীর হয়। ম্যাচের আগেও তাদের মধ্যে নিয়মিত কথা হতো বলে জানিয়েছিলেন তিনি।
প্রিয়া সরোজের জন্ম ১৯৯৮ সালের ২৩ নভেম্বর। তিনি ভারতের উত্তর প্রদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে উত্তর প্রদেশের সংরক্ষিত মছলিশহর আসন থেকে নির্বাচিত হন তিনি।
অন্যদিকে রিংকু সিংয়ের জন্ম ১৯৯৭ সালের ১২ অক্টোবর উত্তর প্রদেশের আলীগড়ে। আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় জাতীয় দলে জায়গা করে নেন তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।
দীর্ঘদিনের প্রেম, বাগদান পেরিয়ে এবার বিয়ের অপেক্ষায় রয়েছেন রিংকু সিং ও প্রিয়া সরোজ। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখবেন তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC