কুমিল্লায় ভালো মরিচের সঙ্গে নষ্ট মরিচ মিশিয়ে এবং নিষিদ্ধ রং ব্যবহার করে মসলা তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের বারপাড়া এলাকায় মসলার মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানায়, অভিযানে দেখা যায় ভালো মরিচের সঙ্গে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে এবং নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার করে মরিচ ক্রাশিং করা হচ্ছিল। একই সঙ্গে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং ক্রাশিং করা হচ্ছিল।
এ সময় এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আরমান মসলার মিল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রং মেশানো মরিচের গুঁড়া পানি দিয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি নষ্ট ও পোকায় খাওয়া মরিচগুলো ডোবায় ফেলে ধ্বংস করা হয়।
পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মুচলেকা নেওয়ার মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, দুর্গাপুর মার্কেট কমিটি এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে নিত্যপণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী