
রাইজিং ডেস্ক
নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।
এর আগে ভারতের নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল শুক্রবার। তবে এই অনুষ্ঠান পিছিয়ে রবিবার নেওয়া হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শুক্রবারের পরিবর্তে আজ শনিবার করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শনিবার শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে আমাদের জানানো হয় এবং আমাদের প্রস্তুতি ছিল শুক্রবার যাওয়ার। পরে শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে রবিবার করা হলে প্রধানমন্ত্রীর সফরও একদিন পিছিয়ে যায়।
শপথগ্রহণের পরে ভারতের নতুন নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার। ভারতের নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠক হবে।
উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করছে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। রেকর্ড গড়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC