
রাইজিং ক্যাম্পাস
কুমিল্লার নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন ও অবদান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কুমিল্লার নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীকে নিয়ে পাঠ্যবইয়ে লেখা অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে কাজ চলছে।’
এ সময় চলমান ভর্তি বিড়ম্বনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসন সংখ্যার তুলনায় ভর্তির যোগ্য প্রার্থী অনেক কম। ভর্তি নির্দেশিকা অনুযায়ী যারা প্রথমে আবেদন করেছিলেন, তাদের ভর্তি সম্পন্ন হওয়ার পরও অনেক আসন খালি রয়েছে। এ কারণেই ভর্তির ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে।
অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্যের সংকটটি বৈশ্বিক। জনগণের ওপর যতটুকু চাপ পড়ছে, তা প্রশমন করে সরকারি সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করবে।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কুমিল্লার স্বার্থে ইতিবাচকভাবে কাজ করার বিষয়ে তারা আশাবাদী।
এর আগে সকাল ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, মোবাশ্বর আলম ভূঁইয়া এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজসহ দেশের নয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC