বুধবার ১১ মার্চ, ২০২৬

নতুন রূপে ফিরছেন দেব ও শুভশ্রী

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Dev-Subhashree
ছবি: সংগৃহীত

টালিউডের রূপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর কেমিস্ট্রি মানেই এক সময় ছিল হলভর্তি দর্শক আর একের পর এক ব্লকবাস্টার হিট। তবে বাস্তব জীবনের নানা টানাপোড়েনের কারণে দীর্ঘ এক দশক এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে নতুন কোনো ছবিতে দেখা যায়নি।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন দেব–শুভশ্রী। ২০২৬ সালের দুর্গাপূজায় দর্শকদের জন্য আসছে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’।

সম্প্রতি দেব ও শুভশ্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একসঙ্গে লাইভে এসে এই নতুন প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন। জানানো হয়, আগামী ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এই সিনেমাটি। মজার বিষয় হলো, মুক্তির প্রায় ১০ মাস আগেই ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে, যা টালিউড ইন্ডাস্ট্রিতে একেবারেই বিরল ঘটনা হিসেবে ধরা হচ্ছে।

বর্তমানে দেব ব্যস্ত রয়েছেন ‘অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’-এর মতো বড় বাজেটের ছবির কাজে। এর মাঝেই দুর্গাপূজাকে সামনে রেখে বড় চমক হিসেবে ‘দেশু ৭’-এর পরিকল্পনা করেন তিনি। লাইভ আড্ডায় দেব জানান, দর্শকদের দীর্ঘদিনের দাবি এবং দেব–শুভশ্রী জুটির বিপুল জনপ্রিয়তাই আবার শুভশ্রীকে বেছে নেওয়ার প্রধান কারণ।

অন্যদিকে, শুভশ্রী গাঙ্গুলীর কাছে ছবির প্রস্তাব পৌঁছানোর গল্পটিও বেশ চমকপ্রদ। গত ৩১ ডিসেম্বর সকালে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় দেবের ফোন পান শুভশ্রী। মাত্র ৩০ সেকেন্ডের কথোপকথনেই ছবির প্রস্তাবে সম্মতি জানান তিনি।

এর আগে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ বিরতির পর দেব–শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও ছবিটির শুটিং হয়েছিল অনেক আগেই। সেই অর্থে ‘দেশু ৭’ হতে যাচ্ছে বর্তমান সময়ে নতুন করে করা একেবারে ফ্রেশ কাজ। ব্যক্তিগত জীবনের সব তিক্ততা পেছনে ফেলে, পেশাদারিত্ব ও বন্ধুত্বের বন্ধনে আবারও টালিউড কাঁপাতে আসছেন দেব ও শুভশ্রী—এমনটাই মনে করছেন অনুরাগীরা।

আরও পড়ুন