
রাইজিং ক্যাম্পাস
দেশের বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩৭৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাঁদের মধ্যে কুমিল্লা অঞ্চলের ১০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৮ জন এবং কলেজ পর্যায়ে ২ জন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাউশির নভেম্বর মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পদাধিকারবলে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি মাউশির নয়টি আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।
মাউশি সূত্রে জানা গেছে, নতুন করে এমপিওভুক্তির সিদ্ধান্ত পাওয়া স্কুল পর্যায়ের ২৭২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ৫ জন, কুমিল্লার ৮ জন, ঢাকার ৪০ জন, খুলনার ১৪ জন, ময়মনসিংহের ৩৩ জন, রাজশাহীর ৭৫ জন, রংপুরের ৭৭ জন এবং সিলেটের ৩ জন রয়েছেন।
অন্যদিকে, কলেজ পর্যায়ের ১০৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫ জন, চট্টগ্রামের ৩ জন, কুমিল্লার ২ জন, ঢাকার ৪০ জন, খুলনার ১৪ জন, ময়মনসিংহের ২ জন, রাজশাহীর ৩৪ জন, রংপুরের ১৩ জন এবং সিলেটের ২ জন রয়েছেন।
এদিকে, একই সভায় ১ হাজার ৫৯৪ জন শিক্ষক-কর্মচারীকে বিএড স্কেল এবং ৫ হাজার ৪৭৪ জনকে উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষ্পত্তির অপেক্ষায় তিন হাজারের বেশি আবেদন
এমপিও সংক্রান্ত সারা দেশের ৩ হাজার ১৮৭টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ২ হাজার ৪৯৩টি এবং কলেজ পর্যায়ের ৬৯৪টি আবেদন রয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে কুমিল্লায় স্কুল পর্যায়ের ১৭০টি এবং কলেজ পর্যায়ের ৪৭টিসহ মোট ২১৭টি আবেদন বকেয়া রয়েছে।
এ ছাড়া রাজশাহীতে স্কুল পর্যায়ের ৪১৯টি ও কলেজ পর্যায়ের ১৩৭টি, ঢাকায় যথাক্রমে ৩৭৭টি ও ১১৫টি, রংপুরে ৩৫৫টি ও ১১৪টি এবং খুলনায় ৩২৪টি ও ৮২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
বরিশালে স্কুলের ৩৮১টি ও কলেজের ৯৩টি, চট্টগ্রামে ১৫৯টি ও ৪০টি, ময়মনসিংহে ১৮৯টি ও ৩৪টি এবং সিলেটে ১১২টি ও ২২টি আবেদন বকেয়া রয়েছে।
মাউশির পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে স্কুল পর্যায়ে ১১ হাজার ৩৪৩টি এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৯০৭টিসহ মোট ১৩ হাজার ২৫০টি এমপিও আবেদন জমা পড়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC