
কুমিল্লার ধর্মসাগরপাড় এলাকায় পুলিশ দম্পতিকে ছুরিকাঘাতের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি মুন্সেফ কোয়ার্টার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত (১৯) এবং সদর উপজেলার ভুবনঘর এলাকার সিয়াম (২০)।
শুক্রবার ( ৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ধর্মসাগরপাড়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হন কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা এবং তার স্বামী চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়ের।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যক্তিগত সময় কাটাতে ধর্মসাগরপাড়ে গেলে কয়েকজন যুবক নারী কনস্টেবলকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে। এ সময় তার স্বামী প্রতিবাদ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত কনস্টেবলকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরবর্তীতে টানা অভিযান চালিয়ে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আত্মগোপনে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, কুমিল্লায় কিশোর গ্যাং বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।










