
বিনোদন ডেস্ক
তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গনকে বিদায় জানিয়েছেন। অভিনয় ছাড়ার সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে তিনি নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘দ্বিনের কারণে’।
এ বিষয়ে নওবা তাহিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমি কী কারণে অভিনয় ছেড়েছি তা তো লিখেই দিয়েছি।’
নিজের ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বিনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।’
এ ছাড়া পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়ার কথাও জানান তিনি। তার ভাষায়, জীবনের এই অধ্যায়টিই এই মুহূর্তে তার কাছে সবচেয়ে সঠিক মনে হচ্ছে।
বৃহস্পতিবার সকালে কালের কণ্ঠকে দেওয়া আরেক প্রতিক্রিয়ায় নওবা তাহিয়া বলেন, ‘এ বিষয়ে আমি নতুন কিছুই বলতে চাই না। আমার যতটুকু বলার ছিল তা ফেসবুকেই বলে দিয়েছি। এর বাইরে তো আর কিছু বলার নেই।’
ফেসবুক পোস্টে নিজের অভিনয়জীবনের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
নওবা তাহিয়া বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেই মূলত শোবিজে তার পথচলা শুরু।
কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত এবং সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এ নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন নওবা তাহিয়া। এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকের মন জয় করে নেন তিনি।
চার বছরের সফল মিডিয়া যাত্রার পর অবশেষে অভিনয়কে থামিয়ে আত্মিক শান্তি, দ্বিন, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন এই তরুণ অভিনেত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC