
রাইজিং ডেস্ক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭ জন প্রার্থী নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন।
রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। ৬৪টি জেলার রিটার্নিং অফিসার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর আসনগুলোর রিটার্নিং অফিসার থেকে পাঠানো তথ্য অনুযায়ী মোট মনোনয়ন দাখিলের সংখ্যা ছিল ২ হাজার ৭১৬ জন, বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জন, আপিল দায়ের হয়েছিল ৫৬০টি এবং আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬টি ও আপিল নামঞ্জুর হয়েছিল ২৭৪টি।’
এ ছাড়া, রোববার সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে ৫টি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬টি।
তিনি আরও বলেন, ‘এখন মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ গিয়েছে।’
ইসি সচিব জানান, আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। আর আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC