রবিবার ৮ মার্চ, ২০২৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই, তবু বিদ্যুতের অপচয় কমাতে আহ্বান : কৃষিমন্ত্রী আমিন উর রশীদ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - There is no fuel oil crisis in the country, but there is a call to reduce electricity waste- Agriculture Minister Amin Ur Rashid
দেশে জ্বালানি তেলের সংকট নেই, তবু বিদ্যুতের অপচয় কমাতে আহ্বান : কৃষিমন্ত্রী আমিন উর রশীদ/ছবি: রাইজিং কুমিল্লা

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এখনো জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেলের মজুত রয়েছে। পাশাপাশি পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। ফলে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (৭ মার্চ) কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব এখন একটি কঠিন সময় অতিক্রম করছে। তাই বিদ্যুতের অপচয় কমিয়ে সবাইকে হিসাব করে চলতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধে সচেতন হতে হবে।

হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। তাকে এমন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে দেশের প্রতিটি মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পর্কিত। তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি দায়িত্ব পালন করে কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করতে পারেন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল খন্দকার। এছাড়া সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম ভূইয়া মঞ্জুরের পরিচালনায় কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন কুমিল্লা জেলার নবগঠিত কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন