
রাইজিং কুমিল্লা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা ইতোমধ্যে তাদের ব্যালট পাঠাতে শুরু করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
ইসির প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার রাতে হালনাগাদ তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা নির্ধারিত ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে (আইসিপিভি) নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট প্রদান করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ভোটারদের অংশগ্রহণকে সহজ ও কার্যকর করেছে। তার ভাষ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC