
রাইজিং কুমিল্লা ডেস্ক

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশের ৬৪ জেলায় একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ৭ম ব্যাচে দেশের ৪ হাজার ৮০০ তরুণ-তরুণী কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করলে দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।
অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার আন্তর্জাতিক বাজারে কাজ করে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তিনি প্রশিক্ষণার্থীদের নিজেদের সাফল্যের গল্প অন্যদের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান, যাতে আরও তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহী হন।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩৭৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে দেশের ৩৬ হাজার শিক্ষিত যুব-যুবীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের ৬৪ জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা ৭ম ব্যাচে দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস তরুণ-তরুণীরা লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
প্রশিক্ষণে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংরেজি, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংসহ বিভিন্ন বিষয়ে মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ছয়টি ব্যাচে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৩৫৩ জন বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন।
এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্তদের মোট আয় প্রায় ৩৪ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকায় পৌঁছেছে। প্রশিক্ষণার্থীদের আয় বৃদ্ধি ও পেশাগত সহায়তার জন্য প্রতিটি জেলায় মেন্টরিং ক্লাসের ব্যবস্থাও রাখা হয়েছে।
এবারের ব্যাচে ভর্তির জন্য লক্ষাধিক আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রায় ৭০ হাজার আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। পরে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৪ হাজার ৮০০ জনকে নির্বাচন করা হয়।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা, খাবার এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হবে। কোর্স শেষে দেওয়া হবে সনদপত্র। পাশাপাশি প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC