
নিজস্ব প্রতিবেদক
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।
এদিকে প্রবাসী আয়ের প্রবাহেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।
এর আগে বাংলাদেশ ব্যাংকের ১৮ নভেম্বর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ নভেম্বর এক দিনেই এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। পাশাপাশি চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলারের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC