
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ঋণ ও আর্থিক সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন গ্রামীণ এলাকার অসংখ্য গ্রাহক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের সদস্যদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রামীণ ব্যাংকের মালিকানার ৯০ শতাংশ ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনা রয়েছে ৬৭৭টি।
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত রয়েছে ৮১ হাজার ৬৭৮টি গ্রামে। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। অন্যদিকে সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
ঋণ কার্যক্রম ব্যাহত, বিপাকে গ্রামীণ গ্রাহক
শাখা বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গ্রামীণ অঞ্চলের ঋণগ্রহীতা ও ক্ষুদ্র উদ্যোক্তারা। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা প্রয়োজনীয় ঋণসেবা নিতে পারছেন না।
এদিকে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নেওয়ার পরিকল্পনা করা গ্রাহকেরাও অনিশ্চয়তায় পড়েছেন। সময়মতো ঋণ না পেলে কৃষি, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত অনেক গ্রাহকের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে গ্রামীণ পর্যায়ে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বাভাবিক কার্যক্রম চালুর আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের
গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত ঘটনাগুলোতে শুধু অবকাঠামো ও সম্পদের ক্ষতিই হয়নি, কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। ফলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ অবস্থায় ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC